ভোক্তাদের জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) মূল্য হ্রাসের প্রেক্ষাপটে দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। আগের দামের তুলনায় ৩৫৭ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর শহিদ প্রকৌশলী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন মূল্য অনুযায়ী, সারা দেশে বেসরকারি পর্যায়ে বাজারজাত করা ১২ কেজি এলপিজি সিলিন্ডার সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও একই অনুপাতে সমন্বয় করা হবে।
এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। নতুন ঘোষণার ফলে এক মাসের ব্যবধানে সিলিন্ডারপ্রতি মোট ৪১২ টাকা দাম কমেছে।
একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত এলপিজিভিত্তিক অটোগ্যাসের মূল্যও সমন্বয় করা হয়েছে। গত জুনে প্রতি লিটারের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল। নতুন মূল্য সমন্বয়ের আওতায় অটোগ্যাসের দামেও পরিবর্তন আসবে বলে জানিয়েছে কমিশন।
প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর নির্ধারিত এলপি গ্যাসের চুক্তিমূল্য (Saudi CP), ডলার-টাকার বিনিময় হার, আমদানি ব্যয়, পরিবহন ও অন্যান্য পরিচালন ব্যয় বিবেচনায় নিয়ে বিইআরসি দেশে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ মূল্য কার্যকর হলে গৃহস্থালি পর্যায়ে রান্নার গ্যাস ব্যবহারকারী লাখো পরিবারের ব্যয় কিছুটা কমবে এবং এলপিজিনির্ভর ভোক্তারা আর্থিকভাবে স্বস্তি পাবেন।
ইউ